advertisement
advertisement

ঘূর্ণিঝড়ের প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঠান্ডা, আমন ধান নিয়ে বিপাকে ফুলবাড়ীর কৃষক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
ঘূর্ণিঝড়ের প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঠান্ডা, আমন ধান নিয়ে বিপাকে ফুলবাড়ীর কৃষক

ছবি-ধরলা

advertisement
নিজস্ব প্রতিবেদক,ধরলা পোস্ট : 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে কয়েক দিন ধরে দেখা মিলছে না সূর্যের। হিমেল বাতাসের সঙ্গে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা। বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে কৃষিতেও। বিশেষ করে মাঠে কাটা ও শুকানোর অপেক্ষায় থাকা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্রহায়ণ মাসের শুরু থেকেই হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়তে থাকে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে উঠেছে। রোদ না থাকায় কাটা ধান শুকাতে পারছেন না কৃষকরা। ফলে জমিতে পড়ে থাকা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার সোনাইকাজী গ্রামের কৃষক আব্দুল আউয়াল জানান, তাঁর দেড় বিঘা জমির আমন ধান কেটে শুকানোর জন্য রাখা হয়েছে। কিন্তু রোদ না থাকায় ও বৃষ্টির কারণে ধান শুকাতে পারছেন না। এতে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সময়মতো ঘরে তুলতে না পারায় তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
একই সমস্যায় পড়েছেন কবির মামুদ গ্রামের জমসেদ আলী। তাঁরও দেড় বিঘা জমির আমন ধান বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ধান ও খড় শুকাতে না পারায় গোখাদ্য সংগ্রহ নিয়েও বিপাকে পড়েছেন তিনি।
উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, এবছর মোট ১১ হাজার ৩৮০ হেক্টর জমিতে কৃষকরা আমন চাষাবাদ করেছে। ইতোমধ্যে আমন ধান কর্তন হয়েছে ৬৫%। এর মধ্যে ৫০০ হেক্টর জমির ধান কৃষকরা কেটে ক্ষেতে শুকানোর জন্য রাখছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিরূপ আবহাওয়ায় ৫০০ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 
ধান কাটা ও মাড়াইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে যেসব কৃষক দেরিতে ধান কেটেছেন কিংবা কাটা ধান শুকানোর জন্য মাঠে রেখেছেন, বৃষ্টিতে মূলত তাঁদের ধানই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আকাশে রোদ উঠলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে টানা বৃষ্টি ও হিমেল বাতাসে শুধু কৃষিকাজই নয়, স্বাভাবিক জনজীবনেও প্রভাব পড়েছে। তীব্র ঠান্ডা ও বৃষ্টির কারণে দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। এতে দৈনন্দিন আয়-রোজগার নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বিরূপ আবহাওয়া আগামী ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে। এরপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা। 
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর